বিমানবন্দরে মিলল 'সোনার ট্রলি ব্যাগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সোনার বার নয়, সোনার পাত বানিয়ে কালো কাপড়ের একটি ট্রলি ব্যাগের ভেতর ঢুকিয়ে পাচার করা হচ্ছিল। গতকাল সোমবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবে সোনা পাচারের একটি ঘটনা শুল্ক বিভাগের নজরে আসে।

শুল্ক বিভাগের কাছে আটক সোনার পরিমাণ সাড়ে চার কেজি। যার মূল্য সোয়া দুই কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিকের নেতৃত্বে শুল্ক বিভাগের একটি দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্ক্যানিং মেশিনের সামনে পরিত্যক্ত অবস্থায় ট্রলি ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি দুবাই থেকে বেলা ১১টার ফ্লাইটে ঢাকায় আসে। ট্রলির ট্যাগে (পরিচিতি) কৃষ্ণ কুমার ঘোষ নামে এক যাত্রীর নাম লেখা ছিল।

সম্প্রীতি প্রামাণিক জানান, একটি কালো রঙের ট্রলি ব্যাগের মধ্যে থাকা রড সরিয়ে আটটি সোনার পাত ঢোকানো হয়। তবে পাতগুলোর ওপর রুপালি রঙের প্রলেপ দেওয়া হয়েছিল। রুপালি প্রলেপযুক্ত সোনার তার ট্রলির কাপড়ের মধ্যেও ঢোকানো হয়। এভাবেই তৈরি করা হয় সোনার ট্রলি ব্যাগ। এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের জিনসের প্যান্টের ভেতর লুকিয়ে সোনা পাচারের সময় সুজন ওরফে বাবর (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজনের কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।