বিমানবন্দরে রোবট ও গোয়েন্দা সামগ্রী জব্দ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার ১৫ কেজি ওজনের একটি বিশেষ হেলথকেয়ার রোবট এবং গোয়েন্দা ও নেটওয়ার্কিং সামগ্রী জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। এগুলো খেলনা ও কম্পিউটারসামগ্রী হিসেবে খালাসের চেষ্টা করা হয়েছিল।
চালানটি ৮ সেপ্টেম্বর চীন থেকে ঢাকায় আসে। সেদিনই চালানটি সাময়িক জব্দ করা হয়। পরীক্ষার পর গতকাল এগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
চালানে ১৫ কেজি ওজনের একটি হেলথকেয়ার রোবট, ১২০টি স্মার্ট ওয়াচ (সিম স্লট সংযুক্ত), ১০ মিনি ডিজিটাল, ২৫ পেন ক্যামেরা (গোয়েন্দা ডিভাইস), ৬৩ ইথারনেট সুইচ, ২৫ অ্যান্টেনা এবং ১৯টি বেজ স্টেশন ও বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সামগ্রী পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, আইন অনুযায়ী ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া রোবট মেডিকেল ডিভাইস হিসেবে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন ছাড়া নেটওয়ার্কিং ডিভাইস আমদানিযোগ্য নয়। ৮ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফ্রেইটের ১ নম্বর ফটক দিয়ে বের করার পর চালানটি সাময়িক জব্দ করা হয়। এতে মোট ৩২৫ কেজি ওজনের ২৪টি কার্টন পাওয়া যায়। পরে গতকাল সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষা করে চালানটি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই রোবট উন্নত দেশে চিকিৎসাসেবায় ব্যবহার করা হয়। তবে এর অপব্যবহার রোধে যেকোনো মেডিকেল ডিভাইস আমদানির আগে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি নিতে হয়। চালানে এই অনুমতি ছিল না।