বিমানবন্দরে সন্দেহভাজন লাগেজ চোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জয়নাল নামের সন্দেহভাজন এক লাগেজ চোরকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ক্যানপি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, বিমানবন্দরে যাত্রীদের লাগেজ চোরদের মূল হোতা জয়নাল। তিনি ও তাঁর সহযোগীরা যাত্রী সেজে বিমানবন্দরে ঢুকে কৌশলে যাত্রীদের লাগেজ চুরি করেন। এর আগেও তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হন।

এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর এইচ শিমুলের ভাষ্য, আজ সকালে জয়নাল যাত্রীর বেশে বিমানন্দরে ঢোকেন। পরে ১ নম্বর ক্যানপি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিনটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান আলমগীর এইচ শিমুল।

আলমগীর এইচ শিমুল আরও জানান, জয়নালের বিরুদ্ধে লাগেজ চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগেও তাঁকে বেশ কয়েকবার আটক করা হয়। ওই সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মালামাল জব্দ করা হয়। কিন্তু তিনি জামিনে ছাড়া পেয়ে আবার লাগেজ চুরির সঙ্গে জড়িয়ে পড়েন।