বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনাসহ গ্রেপ্তার ২

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার আলাদা দুটি ঘটনায় সাড়ে তিন কেজি সোনাসহ দুজনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এসব সোনার মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ ওজায়ের (৩৩) ও শফিকুল ইসলাম (৩৯)। এর মধ্যে ওজায়েরের কাছ থেকে ২৪টি ও শফিকুলের কাছ থেকে সাতটি সোনার বার পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আরব আমিরাত থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে বেলা সোয়া ১১টার দিকে ঢাকায় আসেন ওজায়ের। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ওজায়ের তাঁর দুই পায়ের জুতার ভেতরে ২৪টি সোনার বার লুকিয়ে রেখেছিলেন। এসব সোনার ওজন দুই কেজি ৮০০ গ্রাম, যার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। এ বছর এ পর্যন্ত চারবার দুবাই যান ওজায়ের। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
এদিকে দুপুর সোয়া ১২টার দিকে ৭০০ গ্রাম ওজনের সাতটি সোনার বারসহ মালয়েশিয়া থেকে আসা শফিকুল ইসলামকে গ্রিন চ্যানেল থেকে গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। শফিকুলের প্যান্টের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
মইনুল খান জানান, শফিকুলের কাছ থেকে পাওয়া সোনার মূল্য ৩৫ লাখ টাকা। শফিকুলের বাড়ি কুমিল্লা জেলার হোমনায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল জানান, এ বছর আট বার মালয়েশিয়া যান তিনি।
এসব ঘটনায় বিমানবন্দর থানায় দুটি মামলা হয়েছে।