বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনাসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। গতকাল সোমবার সকালে মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাঁকে আটক করা হয়।
আটক যাত্রী মুহাম্মদ আদম আলী (৪৫) তাঁর প্যান্টের ভেতর বিশেষ কায়দায় সোনাগুলো এনেছিলেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, সকালে বিজি ০২২ নম্বর ফ্লাইটটি মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে উড়োজাহাজে ওঠেন আদম আলী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করে বিমানবন্দর কাস্টমস হলে নিয়ে আসা হয়। এ সময় তাঁর প্যান্টের বেল্ট পরার জায়গায় লুকিয়ে রাখা প্রায় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার পাওয়া যায়। এসব বারের বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।
মইনুল খান বলেন, জিজ্ঞাসাবাদে আটক যাত্রী জানান, টাকার বিনিময়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে রহমান নামের এক ব্যক্তি তাঁকে সোনার বারগুলো দেন। এরপর তিনি বারগুলো প্যান্টের বেল্ট বাঁধার স্থানে আগে থেকেই প্রস্তুত করে রাখা বিশেষ ফাঁকা জায়গায় লুকিয়ে রাখেন। রহমানও একই উড়োজাহাজের যাত্রী ছিলেন। গোয়েন্দা তৎপরতা টের পেয়ে তিনি সটকে পড়েন।