বিমানবন্দরে ২০ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার সাড়ে আট ঘণ্টার ব্যবধানে দুটি ঘটনায় মোট ২০ কেজি সোনা উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে দুই মালয়েশীয় নাগরিকসহ ছয়জনকে। আটক সোনার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার বলেন, রাত সাড়ে নয়টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন দুই মালয়েশীয় নাগরিক। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাঁদের আটকের পর তল্লাশি করে প্রতিটি এক কেজি ওজনের ছয়টি সোনার বার পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রায় চার মাস আগে এই দুজন বাংলাদেশে এসেছিলেন। সে সময় তল্লাশি করে তাঁদের কাছে সোনার বার পাওয়া যায়নি। গতকাল এঁরা ঢাকায় আসবেন এমন খবর পেয়ে আগে থেকে নজর রেখেছিলেন শুল্ক কর্মকর্তারা।
এর আগে গতকাল বেলা একটার দিকে সাড়ে ১৪ কেজি সোনাসহ চারজনকে আটক করা হয়। এঁরা হলেন আনোয়ার পারভেজ (২৫), ওসমান সোহেল (২৯), আনোয়ারা বেগম (৩০) ও ফারজানা মনি (২৫)।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, দুপুরে বাংলাদেশ বিমানে কুয়েত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। চট্টগ্রাম থেকে ওই বিমানে ওঠেন আনোয়ারা ও ফারজানা। হজরত শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ওই দুই নারীকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে প্রতিটি ১১৬ গ্রাম ওজনের ১২৫টি সোনার বার উদ্ধার করা হয়। তাঁদের তথ্য অনুযায়ী কুয়েত থেকে আসা আনোয়ার ও ওসমানকে আটক করা হয়। তাঁরা ওই দুই নারীকে সোনাগুলো দিয়েছিলেন।