বিমানবন্দরে সোনা মুদ্রাসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গত সোমবার রাতে প্রায় এক কেজি সোনা, বিদেশি জাল মুদ্রাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মঞ্জুর হোসেন (৪৮), মো. আনোয়ার হোসেন (৬০), মো. আবদুল্লাহ (২৪), মো. ফারুক মিয়া (৪৪) ও গাড়িচালক মো. ইউসুফ (২৬)।
র্যাবের সূত্র জানায়, র্যাব-৩-এর কাছে গোপন খবর আসে যে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে অবৈধ সোনার বার আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল বিমানবন্দর এলাকায় অবস্থান নেয়। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আসা চার ব্যক্তি বিমানবন্দর থেকে বেরিয়ে একটি প্রাইভেট কারে ওঠার চেষ্টা করেন। তখন র্যাব তাঁদের আটক ও তল্লাশি করে তাঁদের কাছ থেকে ৮৯৫ গ্রাম ওজনের সোনার অলংকার উদ্ধার করে।
এ ছাড়া র্যাব তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয়, সিঙ্গাপুরি ও মালয়েশিয়ান মুদ্রা উদ্ধার করে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
জাল নোটসহ গ্রেপ্তার ২: র্যাব-২-এর একটি দল গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে মিরপুর থেকে জাল নোট বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে আরিফ ও আশরাফ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছে থেকে ৭০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।