বিমানবন্দরে সোয়া কোটি টাকার ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরেন পোস্ট অফিস থেকে অনুমোদনহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল এসব ওষুধ জব্দ করে। জব্দ করা ওষুধের মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। বিষয়টি আজ বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয়।

প্রিভেনটিভ দলের প্রধান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহিদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ফরেন পোস্ট অফিসে অভিযান চালানো হয়। স্ক্যান করার সময় সাতটি বড় বক্সের ভেতর ওষুধগুলো পাওয়া যায়। জব্দ হওয়া ওষুধের বেশির ভাগ ক্যানসার, কিডনি, চর্ম ও অ্যালার্জির চিকিৎসায় ব্যবহার করা হয়। তুরস্ক থেকে ওষুধের চালানটি কয়েক দিন আগে ঢাকায় আসে। ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই এগুলো আমদানি করা হয়। তবে তদন্তের স্বার্থে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম জানাননি তিনি।

চলতি মাসের ১৬ নভেম্বর বিমানবন্দরের কার্গো এলাকা থেকে ২ কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। ওষুধের এই চালানটি তার্কিশ এয়ারলাইনসে করে তুরস্ক থেকে আমদানি করা হয়।