বিমানবন্দরে সোনা, সিগারেট ও কাপড়সহ দুজন আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার সকালে ৪০০ গ্রাম সোনা, ৮৩ কার্টন সিগারেট ও মূল্যবান কাপড়সহ দুজনকে আটক করেছে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক হওয়া ব্যক্তিরা হলেন ওমর ফারুক (৪৮) ও আবুল বাশার (৫০)।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার সাংবাদিকদের জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই দুই যাত্রী বিমানবন্দরে নামেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁদের আচরণে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। ওই সময় তাঁদের কোমরের বেল্টে লুকানো ৪০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এরপর তাঁদের কাছে থাকা ৮৩ কার্টন ব্ল্যাক সিগারেট ও ১০০টি মূল্যবান ওড়না উদ্ধার করা হয়।
তানজিনা জানান, ৪০০ গ্রাম সোনার মধ্যে ১০০ গ্রাম ওজনের তিনটি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের সোনার চেইন ছিল। দুইটি বার ছিল একজনের কোমরের বেল্টে লুকানো অবস্থায়। আরেকটি ছিল মুঠোফোনের ব্যাটারির সঙ্গে। চেইন ছিল গলায়। আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।