বিমানবন্দরে হেরোইনসহ আটক বিদেশি নাগরিক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি টাকা মূল্যের হেরোইনসদৃশ পদার্থ উদ্ধারের মামলায় এক বিদেশি নাগরিককে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন। রিমান্ডপ্রাপ্ত বিদেশি নাগরিক হলেন বতসোয়ানার নাগরিক লেসোডি মেলোপেসি (৩০)।

গতকাল বিমানবন্দরে তিন কেজি হেরোইনসদৃশ উপাদানসহ লেসোডি মেলোপেসি গ্রেপ্তার হন। এ ঘটনায় কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা ফিরোজ আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলোপেসির বিরুদ্ধে মামলা করেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় লেসোডি মেলোপেসিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে বিমানবন্দর থানা-পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মেলোপেসিকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, আসামি মেলোপেসি দক্ষিণ আফ্রিকা থেকে দোহা কাতার হয়ে গতকাল বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তিনি গ্রিন চ্যানেল অতিক্রমের সময় নেশাজাতীয় কোনো ওষুধ তাঁর কাছে আছে কি না, জানতে চাওয়া হয়। জবাবে মেলোপেসি না সূচক উত্তর দেন। পরে তাঁর লাগেজ থেকে হেরোইনসদৃশ পদার্থ (৩ কেজি ১৪৫ গ্রাম) পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।