বিমানবন্দরে ১৬ কেজি সোনা জব্দ
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার ১৬ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এস এম নূরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
রাত পৌনে ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন জোনের টয়লেট থেকে এই সোনা উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখার সময় সোনার বারগুলো গণনার কাজ চলছিল।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহা-পরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে এসব সোনা জব্দ করা হয়, যার মূল্য প্রায় আট কোটি টাকা। বহির্গমন গেটের পাশে টয়লেটের ভেতর র্যা পিং পেপারে স্কচ টেপে জড়িয়ে রাখা হয়েছিল সোনাভর্তি একটি প্যাকেট। কমোডের পাশে ঝুড়ির ভেতর টিস্যু দিয়ে প্যাকেটটি লুকানো ছিল। এর মধ্যে ১০ গ্রাম ওজনের বেশ কিছু সোনার বার ও গয়না পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থল থেকে নূরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। তবে ধারণা করা হচ্ছে, সোনার চালানটি আনার পেছনে আরও কয়েক ব্যক্তি জড়িত।
মইনুল খান আরও বলেন, বিমানবন্দরে ক্লিনার প্রতিষ্ঠান অনিক-আয়ান ট্রেড ইন্টারন্যাশনালের কর্মচারী নূরুল ইসলাম। তাঁকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।