বিমানবন্দরে ১৬৭ ঝুড়ি কাঁকড়া জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার নির্ধারিত ওজনের চেয়ে কম ওজনের ১৬৭ ঝুড়ি অপরিণত কাঁকড়া জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। কাঁকড়াগুলো চীনে রপ্তানি করার কথা ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্র বলেছে, কুনমিংগামী চায়না ইস্টার্নের এমইউ ২০৩৬ ফ্লাইটে রপ্তানির চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে এই কাঁকড়াগুলো জব্দ করা হয়। রাজধানীর তুরাগের এসআর ট্রেডার্স, এসহান ট্রেড লাইন, সুমন ইন্টারন্যাশনাল ও এইচবি ইন্টারন্যাশনাল নামের চারটি প্রতিষ্ঠান কাঁকড়াগুলো রপ্তানির চেষ্টা করেছিল। রপ্তানির নথি অনুযায়ী, চারটি চালান চীনের কুনমিং যাওয়ার কথা ছিল। কুনমিং কুয়ান ট্রেড লিমিটেড ও কুনমিং সিনেক্স ট্রেডিং কোম্পানি লিমিটেড এর আমদানিকারক।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, বাংলাদেশ কাঁকড়া রপ্তানি নীতিমালা ১৯৯৮ ও বন সংরক্ষকের দপ্তরের জারি করা আদেশ অনুযায়ী পুরুষ কাঁকড়া সর্বনিম্ন ২০০ গ্রাম ও স্ত্রী কাঁকড়া সর্বনিম্ন ১৩০ গ্রামের নিচে রপ্তানি নিষিদ্ধ। চারটি চালানে ১১০, ১১২, ১৩০, ১০৭ গ্রাম ওজনের পুরুষ কাঁকড়া ও ৮১, ৮২, ৯৩, ১১০ গ্রাম ওজনের স্ত্রী কাঁকড়া পাওয়া গেছে। নীতিমালা অনুযায়ী নির্ধারিত ওজনের কাঁকড়ার রপ্তানিমূল্য বেশি। কাঁকড়া পচনশীল হওয়ায় বাংলাদেশ লাইভ অ্যান্ড চিলড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জিম্মায় কাঁকড়াগুলো হস্তান্তর করা হয়েছে। নিষেধাজ্ঞা ভঙ্গ করায় শুল্ক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। মইনুল খান বলেন, এক টন অপরিণত কাঁকড়ার বর্তমান বাজারমূল্য এক লাখ টাকা। অন্যদিকে, এক মাসের ব্যবধানে এ কাঁকড়া পরিণত হয়ে আড়াই টন হতে পারে।