বিমানবন্দরে ১৮০ কার্টন সিগারেটসহ আটক ১
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার দুপুরে ১৮০ কার্টন বিদেশি সিগারেটসহ মাখজানুল হক নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের দাবি, করসহ এসব সিগারেটের দাম প্রায় ২০ লাখ টাকা।
মইনুল খান জানান, মালয়েশিয়ান এয়ারলাইনসে করে দুপুর ১২টার দিকে কুয়ালালামপুর থেকে ঢাকা আসেন মাখজানুল হক। গোপন খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে সিগারেটসহ আটক করা হয়। মাখজানুল হকের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
মইনুল খান আরও জানান, ব্ল্যাক ব্র্যান্ডের ১৮০ কার্টন সিগারেট দক্ষিণ কোরিয়ার তৈরি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় আমদানি–নিয়ন্ত্রিত এসব সিগারেট শুল্ক গুদামে জমা করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজকের ঘটনাসহ গত ১৭ মাসে বিমানবন্দরে ২০ হাজার কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।