বিমানবন্দরে ২ কোটি ১০ লাখ টাকার সোনাসহ আটক ২
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় প্রায় ২ কোটি ১০ লাখ টাকার সোনাসহ দুজনকে আটক করা হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ ও বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাদের আটক করে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আল আমিন সাংবাদিকদের জানান, গতকাল বেলা তিনটার দিকে মো. দিদার (৪০) নামের এক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজযোগে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তাঁর সঙ্গে থাকা দুটি লাগেজে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে লাগেজের ভেতর থেকে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো ছিল দুটি প্যাকেটে। একটি প্যাকেটে ১৫টি এবং অন্য প্যাকেটে ১৬টি সোনার বার ছিল। বারগুলোর মোট ওজন তিন কেজি ৬০০ গ্রাম। এই সোনার আনুমানিক মূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা। আটক দিদারের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
এরপর বিকেল পাঁচটার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে ৭০০ গ্রাম সোনাসহ শামীম হোসেন (১৯) নামের এক যাত্রীকে আটক করে এপিবিএন। এই সোনার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।