বিমানবন্দরে ২০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের ৮৯৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার ভোরে জব্দ করা এই সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তান থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে এসব সিগারেট আনা হয়। গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে বিমানবন্দরের কাস্টম হলে পাঁচটি ব্যাগেজ থেকে সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। এসব সিগারেটের মধ্যে রয়েছে ১৮০ কার্টন ইজি স্পেশাল গোল্ড, ৯৪ কার্টন পাইন, ৩১৯ কার্টন ইজি লাইট, ৩০০ কার্টন ইজি গোল্ডেন লিফ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, এসব বিদেশি সিগারেটের দাম প্রায় ২০ লাখ টাকা। হানিফ মোহাম্মদ ও নূর মোহাম্মদ ভোহরা নামে পাকিস্তানের দুই নাগরিক সিগারেটগুলো এনেছিলেন।
ব্যবসার কাজে এই দুই পাকিস্তানি প্রায়ই বাংলাদেশে যাতায়াত করেন জানিয়ে মইনুল খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাঁদের দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘোষণা দিয়ে সিগারেটের কার্টনগুলো আনা হয়েছে। তবে সিগারেটের প্যাকেটের মোড়কে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বাংলায় এ কথাগুলো লেখা ছিল না। তাই আমদানি-নিয়ন্ত্রিত এসব বিদেশি সিগারেট জব্দ করে কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।