বিমানবন্দরে ২৪ কার্টন সিগারেট জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার বিকেলে ২৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।
ওই দপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের ক্যানোপি অঞ্চল থেকে এই সিগারেট পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ২৪টি বড় কার্টনের ভেতরে আলাদা ১২০টি ছোট কার্টনে এই সিগারেটগুলো ছিল। এর মধ্যে চার লাখ ৬০ হাজার ৮০০ পিস সিগারেট রয়েছে। এগুলো ‘ইজি ব্ল্যাক’ ব্র্যান্ডের। এসব সিগারেটের পক্ষে বৈধ কোনো কাগজপত্র ছিল না। কোন এয়ারলাইনে এগুলো এসেছে, তাও জানা যায়নি।
মহাপরিচালক বলেন, সিগারেট হচ্ছে আমদানি নিয়ন্ত্রিত পণ্য। এর মোড়কে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ কথাটি বাংলায় লেখা বাধ্যতামূলক। জব্দ করার সিগারেটের প্যাকেটে এ সতর্কবার্তা লেখা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।