বিমানবন্দরে ২৫০০ কার্টন বিদেশি সিগারেট আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৫০০ কার্টন বিদেশি সিগারেট আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ বৃহস্পতিবার সকালে বিদেশি তিনটি বিমান সংস্থার ফ্লাইটে করে সিগারেটের চালানগুলো এসেছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে শাহজালাল বিমানবন্দরে এটি সিগারেটের চালান আটকের সবচেয়ে বড় ঘটনা। আটক সিগারেটের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

মইনুল খান আরও বলেন, তিনটি ফ্লাইটই মধ্যপ্রাচ্য থেকে আজ সকালে ঢাকায় এসেছিল। এর মধ্যে সকাল সাতটায় দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজ থেকে ১৭৪০ কার্টন পাওয়া যায়। সিগারেটের বাকি কার্টনগুলো পাওয়া যায় কাতার এয়ারওয়েজ ও কুয়েত এয়ারলাইনসের দুটি ফ্লাইট থেকে। আটক সিগারেটের মধ্যে রয়েছে মন্ড, ডানহিল, বেনসন, ইজি ব্র্যান্ড। এসব চালান আনার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা যায়নি। শুল্ক গোয়েন্দারা এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে লাগেজে ট্যাগ পাওয়া গেছে। এর সূত্র ধরে জড়িত ব্যক্তিদের আটক করা চেষ্টা চলছে। এ ছাড়া তিনটি বিমান সংস্থার কাছে সিগারেটের চালান সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে।