বিমানবন্দরে ৩ কেজি হেরোইনসহ বিদেশি নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেরোইনসহ লেসেডি মোলাপিসি (৩১) নামের বিদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউস। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা কাস্টম হাউস আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই নারীর কাছ থেকে ৩ কেজি ১৪৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা কাস্টম হাউস বলছে, পাসপোর্ট অনুযায়ী তাঁর নাম লেসেডি মোলাপিসি। তিনি আফ্রিকার বতসোয়ানার নাগরিক। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববার বিকেল ৪টা ৫২ মিনিটে ঢাকায় পৌঁছান লেসেডি। মাদক পাচারের তথ্য পেয়ে আগে থেকেই বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে কাস্টম ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা অবস্থান নেন। ওই নারীর গতিবিধি সন্দেহভাজন হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁকে হেরোইনসহ আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউস জানায়, বতসোয়ানা থেকে ট্রানজিটে কাতার হয়ে বাংলাদেশে আসেন ওই নারী। আটকের পর ঘোষণাবহির্ভূত কোনো পণ্য বা মাদকদ্রব্য, নেশাজাতীয় ওষুধ বা সাইকোট্রপিক-জাতীয় কোনো পদার্থ বহন করার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তবে তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় ব্যাগেজ স্ক্যান করা হয়। এ সময় কালো রঙের ট্রলির ভেতরে তিনটি ভ্যানিটি ব্যাগ ও একটি ফাইলের মধ্যে আটটি পলিব্যাগে মোড়ানো পাউডার ও দানাদার-জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।

তল্লাশির সময় বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় উদ্ধার হওয়া পাউডার ও দানাদার-জাতীয় বস্তুকে হেরোইন সাদৃশ্য মাদক বলে উল্লেখ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।