
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার নয়টি ‘আগ্নেয়াস্ত্রসদৃশ’ বস্তু উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। অবৈধভাবে এগুলো বহনের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ মনির বেন আলী ও আনিসুল ইসলাম তালুকদার।
মনির নিজেকে রেস্তোরাঁ ব্যবসায়ী ও আনিসুল নিজেকে জার্মান আওয়ামী লীগের নেতা পরিচয় দেন। মনিরের দাবি, এগুলো খেলনা পিস্তল।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, সকাল পৌনে নয়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে মনির ও আনিসুল ঢাকায় আসেন। গ্রিন চ্যানেলে তাঁদের তল্লাশি করা হয়। তাঁদের আনা একটি কার্টনের ভেতর নয়টি ছোট আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এগুলোর গায়ে ‘স্মল ফায়ার আর্মস’ লেখা রয়েছে।
ওই দুজনকে আটকের পর তাৎক্ষণিকভাবে শুল্ক কর্মকর্তারা ‘নয়টি আগ্নেয়াস্ত্র’ উদ্ধারের দাবি করেন। বিকেল চারটায় এ নিয়ে বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলন করার কথাও জানানো হয়। কিন্তু শেষ পর্যন্ত এগুলো আগ্নেয়াস্ত্র কি না, তা নিশ্চিত না হওয়ায় সংবাদ সম্মেলন বাতিল করা হয়। আটক মনিরের দাবি, এগুলো খেলনা পিস্তল। বায়তুল মোকাররম মার্কেটের একটি অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী তিনি এগুলো এনেছেন। তিনি বলেন, এগুলো সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয়। প্রতিটি তিনি ১২০ ইউরো দিয়ে কিনেছেন এবং জার্মানির মিউনিখ বিমানবন্দরে ঘোষণা দিয়ে বাংলাদেশে এনেছেন।
আনিসুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে মিউনিখ শহরে থাকেন। দুজনেরই পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জে। একসঙ্গে একই ফ্লাইটে তাঁরা দেশে আসেন। কিন্তু এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শুল্ক কর্মকর্তা বলেন, ‘আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তুগুলো’ জব্দ করার পর তা যাচাই করার জন্য র্যাবকে বলা হয়েছিল। আপাতদৃষ্টিতে র্যাবের কাছে এগুলো প্রকৃত আগ্নেয়াস্ত্র মনে হওয়ায় ওই দুজনকে আটক করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, এগুলো প্রকৃত আগ্নেয়াস্ত্র কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হতে এগুলোর ব্যালাস্টিক পরীক্ষা করা হবে।
শুল্ক কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ক্যানিংয়ের সময় আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তু ও মদের বোতল পাওয়া গেছে ওই দুই ব্যক্তির কাছে। তাঁদের লাগেজ খুলে দেখা যায়, তাঁদের কাছে জার্মানির ওয়ালথার ব্র্যান্ডের চারটি ও তুরস্কের কোরাকি ব্র্যান্ডের পাঁচটি আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তু এবং ১২টি মদের বোতল আছে।