টিকিট ও বোর্ডিং পাস ছাড়াই দুটি নিরাপত্তাচৌকিসহ চারটি নজরদারির স্থান পার হয়ে ইউএস-বাংলার একটি ফ্লাইটে এক তরুণীর উঠে পড়ার ঘটনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনায় গতকাল অভ্যন্তরীণ টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কারণ দর্শাতে বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ইউএস-বাংলা ও বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইউএস-বাংলার চট্টগ্রামগামী ফ্লাইটে কেবিন ক্রুরা চূড়ান্ত গণনা (হেড কাউন্ট) দেওয়ার সময় দেখেন, একজন যাত্রী বেশি। ধরা পড়ে, বোরকা পরা ওই তরুণী টিকিট ও বোর্ডিং পাস ছাড়াই উঠেছেন। এতে ফ্লাইটের যাত্রা স্থগিত করে তরুণীকে বিমানবন্দরের আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপিবিএনের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, তাঁরা নারী পুলিশ দিয়ে তল্লাশি করে ওই তরুণীর কাছে কিছু পাননি। কথাবার্তায় তাঁকে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। এরই মধ্যে মুঠোফোনে খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই তাঁর মা ও খালু বিমানবন্দরে এসে পৌঁছান। সন্দেহজনক কিছু না পাওয়ায় তাঁকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।
আলমগীর বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই তরুণী কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলে তাঁর মা জানিয়েছেন। এর আগেও একাধিকবার আকস্মিক বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। মেয়েটি মায়ের সঙ্গে খিলক্ষেতে খালুর বাসায় ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসেছিলেন।
কোনো ভ্রমণ দলিল ছাড়াই কীভাবে তিনি বিমানে চড়ে বসলেন, এটা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কি না—এর জবাবে আলমগীর হোসেন বলেন, এটা নিশ্চয়ই নিরাপত্তার জন্য একটা উদ্বেগের বিষয়। তিনি বলেন, টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব বেসামরিক বিমান চলাচল (সিভিল অ্যাভিয়েশন) কর্তৃপক্ষের। প্রথম দুটি তল্লাশি পয়েন্টে তাদের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করেন। তবে এসব নিরাপত্তাকর্মী ততটা পেশাদার নন। কারণ, তাঁদের বেশির ভাগই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক জাকির হাসান অসুস্থ। এখন পরিচালকের দায়িত্ব পালন করছেন সিভিল অ্যাভিয়েশনের পরিচালক (অ্যারো এটিএস) নুরুল ইসলাম। তিনি বলেন, অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটে অনেক যাত্রী মোবাইল ফোনে টিকিট কেনেন। তাঁদের কাছে টিকিট থাকে না, মেইলে থাকে। এ কারণে দুটি নিরাপত্তা ফটকে ওই মেয়েটি পার হতে পেরেছেন। এ জন্য নিরাপত্তাকর্মীদের কারণ দর্শাতে বলা হয়েছে। একই সঙ্গে ছাপা টিকিট ছাড়া কোনো যাত্রীকে না ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএস-বাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ওই সময় কয়েকটি ফ্লাইটের সময় ছিল। ফলে বাসে ওঠার সময় তাঁদের কর্মীরা হয়তো ভেবেছিলেন, অন্য ফ্লাইটের যাত্রী। পরে ধরা পড়ায় সঙ্গে সঙ্গে এপিবিএনকে জানানো হয়।
নুরুল ইসলাম স্বীকার করেন, এ ঘটনায় সার্বিক বিবেচনায় নিরাপত্তাব্যবস্থায় একটা দুর্বলতা ধরা পড়েছে। এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।