বিমানবন্দরের শৌচাগার থেকে ১৫ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত শুক্রবার রাতে শৌচাগার থেকে প্রায় ১৫ কেজি সোনা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। একই রাতে মালয়েশিয়াগামী দুই যাত্রীকে বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়। তারা জুতা ও মোজার ভেতরে ৩৯ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা নিয়ে যাচ্ছিল।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের মেয়েদের একটি শৌচাগারের কমোডের ভেতর থেকে ১২টি সোনার বার ও ৬৭১টি সোনার চেইন উদ্ধার করা হয়। প্রতিটি সোনার বারের ওজন এক কেজি করে। চেইনগুলোর মোট ওজন দুই কেজি ৭৭০ গ্রাম। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, উদ্ধার হওয়া মোট ১৪ কেজি ৭৭০ গ্রাম সোনার বাজারমূল্য সাড়ে সাত কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ভিডিও ফুটেজ দেখে এসব সোনা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া সোনা শুল্ক গুদামে জমা করা হয়েছে।
এদিকে শুল্ক বিভাগ সূত্রে জানায়, শুক্রবার রাত সোয়া ১২টায় কুয়ালালামপুরগামী মালিন্দা এয়ারওয়েজের যাত্রী বদিউজ্জামান লস্করের (৩৮) দুই পায়ের জুতার ভেতর থেকে ২১ হাজার ৩০০ ইউরো, সাড়ে ২৪ হাজার কাতারের রিয়াল, ১৯২ মালয়েশিয়ান রিঙ্গিত ও বাংলাদেশি ৬০০ টাকা উদ্ধার করা হয়।
রাত সোয়া দুইটার দিকে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুরের যাত্রী ও জিয়াউল হকের (৩০) কাছ থেকে সাড়ে ৬২ হাজার সৌদি রিয়াল, ৩২১ রিঙ্গিত ও দুই হাজার ৪০০ টাকা পাওয়া যায়। জিয়াউল তাঁর দুই পায়ের মোজার ভেতর স্কচটেপে জড়িয়ে এসব মুদ্রা নিয়ে যাচ্ছিলেন।
ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাহবুব-এ-খোদা প্রথম আলোকে জানান, বদিউজ্জামানের বাড়ি ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনের শাহ আলী এলাকায় এবং জিয়াউলের বাড়ি কুমিল্লায়। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।