বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডের তত্ত্বাবধায়কের কার্যালয়ের ড্রয়ার ভেঙে সাড়ে ১১ লাখ টাকার মতো চুরি করেছে দুর্বৃত্তরা। বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কার্গো শেড ভবনের দ্বিতীয় তলায় গত বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ রোববার সন্ধ্যায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘কার্গো শাখার তত্ত্বাবধায়কের কক্ষের স্টিলের ড্রয়ার ভেঙে দুর্বৃত্তরা আনুমানিক ১১ লাখ ৪৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’

বিমানবন্দর সূত্র জানায়, বিমানে পরিবাহিত পণ্য রাখার ভাড়া বা গুদাম ভাড়া এবং বকেয়া পাওনার টাকা কার্গো শেডের তত্ত্বাবধায়কের কক্ষের স্টিলের ড্রয়ারে রেখেছিলেন কর্মকর্তারা। সাধারণত দিন শেষে হিসেব করে এই টাকা রাখা হয়। পরদিন ব্যাংকে তা জমা দেওয়া হয়। পূজার ছুটির আগের দিন গত বুধবার রাতে হিসাব করে এই টাকা ড্রয়ারে রেখে যান দায়িত্বশীল কর্মকর্তারা। পরদিন ছুটির কারণে এই টাকা ব্যাংকে জমা করা হয়নি। শনিবার দুপুরের দিকে ড্রয়ার ভেঙে টাকা চুরির বিষয়টি নজরে আসে কর্মকর্তাদের।

ঘটনার বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’