বিমানযাত্রী পাড়লেন আটটি সোনার বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার ভোরে মো. কামাল (৩০) নামে এক বিমানযাত্রীর দেহের ভেতর থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ বলছে, এগুলোর ওজন পৌনে এক কেজি। আনুমানিক দাম ৪০ লাখ টাকা।
মো. কামালের বাড়ি কুমিল্লায়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের বিজি ০৮৭ নম্বর ফ্লাইটের যাত্রী কামাল ভোর সাড়ে পাঁচটার দিকে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে কামালের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও পরীক্ষা করে তাঁর দেহে সোনার বার থাকার বিষয়টি ধরা পড়ে। সোনা বের করার জন্য কামালকে পানি পান করানো হয়। একপর্যায়ে তাঁর পায়ুপথ দিয়ে সোনার বারসহ একটি পলিথিনের প্যাকেট বেরিয়ে আসে। এর মধ্যে আটটি বার পাওয়া যায়। এগুলোর মোট ওজন আনুমানিক ৮০০ গ্রাম।