বিমানযাত্রীর কোমর থেকে ৮২ সোনার বার উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর দেহ তল্লাশি করে ৮২টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এসব সোনার বার জব্দ করা হয়। আটক করা হয়েছে ওই যাত্রীকে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জব্দ হওয়া সোনার বারগুলোর মোট ওজন সাড়ে নয় কেজি, যার আনুমানিক বাজারমূল্য চার কোটি টাকা।
বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা প্রথম আলোকে বলেন, ওমানের মাসকট বিমানবন্দর থেকে আসা যাত্রী সাইফুল ইসলাম কোমরে দুটি কাপড়ের বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে ৮২ টি সোনার বার নিয়ে আসেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তাঁর দেহে তল্লাশি করে এসব সোনার বার জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটক যাত্রী সাইফুল আলমের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তাঁর বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় মামলা করা হবে।