বিমানের আসনের নিচে মিলল ৯ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ৩০০ গ্রাম অবৈধ সোনা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে এগুলো উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন খবরের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় বিজনেস ক্লাসের দুটি আসনের নিচে চারটি ব্যাগে মোড়ানো ৮০টি সোনার বার পাওয়া যায়।
বিমানবন্দরে সংবাদ ব্রিফিংয়ে বিমানবন্দর কাস্টমসের কমিশনার শফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ছয় কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলেটকে চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে সোনা চোরাকারবারিরা। তিনি বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।
এর আগে ওসমানী বিমানবন্দরে সর্বশেষ চোরাচালানের সোনা ধরা পড়েছিল গত বছরের ১২ মার্চ। আটটি সোনার বারসহ সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা মোসাব্বের আলীকে আটক করেছিল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।