সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, উত্তরা ও বসুন্ধরা এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করার দাবি করেছে ডিবি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাংলাদেশ বিমানের ডিজিএম এমদাদ হোসেন, চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, ব্যবস্থাপক (শিডিউলিং) তোজাম্মেল হোসেন, বিমানের ঠিকাদার মাহমুদুল হক ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুন অর রশিদ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, ১২ নভেম্বর বাংলাদেশ বিমানের কেবিন ক্রু মাজহারুল আবসারকে দুই কেজি ৬০০ গ্রাম সোনা ও ছয়টি আইপ্যাডসহ গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কোনো না-কোনোভাবে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। আদালতে হাজির করে তাঁদের রিমান্ডে নিতে আবেদন করা হবে।