বিমানের কেবিন ক্রুকে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু নূরে আলমকে তুলে নিয়ে বিষ প্রয়োগে হত্যা করার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।
নূরে আলমের স্বজনেরা অভিযোগ করেন, গুলশান ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই মাহবুব আলমের বিরুদ্ধে অভিযোগ ওঠায় পুলিশ এ ঘটনায় মামলা নেয়নি। তাঁরা আদালতে মামলা করবেন। তবে গুলশান থানার দাবি, কেউ মামলা করতে আসেনি।
এ বিষয়ে বক্তব্য জানতে এসআই মাহবুবের মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়।
নূরে আলম কেবিন ক্রুর চাকরির পাশাপাশি গুলশান ২ নম্বরে প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন। স্বজনেরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দুপুরে নূরে আলম তাঁর দোকান থেকে বের হওয়ার পর তাঁকে কে বা কারা সিলভার রঙের গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তিনি নিজ মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এক স্বজনকে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিকেল সাড়ে চারটার দিকে পান্না নামের এক ব্যক্তি নূরে আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে যান। তাঁরা নূরে আলমের পাঠানো ওই খুদে বার্তা সাংবাদিকদের দেখান।
নূরে আলমের ছোট ভাই মাসুম হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এসআই মাহবুব অপহরণ করে বিষ খাইয়ে তাঁর ভাইকে হত্যা করেছেন। কিছুদিন আগে মাহবুব তাঁর ভাইয়ের ব্যবসার জন্য ১৩ লাখ টাকা দেন। কিন্তু দুই-এক দিন পর মাহবুব এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত চান। তিনি ১০ দিনের মাথায় মাহবুবকে দুই লাখ টাকা ফেরতও দেন। বৃহস্পতিবার দুপুরে প্রায় চার লাখ টাকা মাহবুবকে দিতে যাচ্ছিলেন।
ময়নাতদন্ত শেষে গতকাল নূরে আলমের লাশ দাফনের জন্য বগুড়া সদর উপজেলার সেওজাগাড়িতে নিয়ে যান স্বজনেরা। ময়নাতদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র জানায়, বিষক্রিয়ায় নূরে আলমের মৃত্যু হয়েছে।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মৃতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তা গ্রহণ করে এসআই মাহবুবের বিরুদ্ধে তদন্ত করা হবে। তবে এসআই মাহবুবের সঙ্গে কথা বলে জানা গেছে, নূরে আলম শুধু তাঁর কাছ থেকে নয়, আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পাওনাদারেরা টাকার জন্য চাপ দিয়েছিলেন। হয়তো এ কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।