বিমানের কেবিনে প্রায় দুই কেজি সোনা
সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ রাখার কেবিন থেকে প্রায় দুই কেজি সোনা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে দুবাই থেকে আসা একটি বিমান থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে সোনার বাহক কাউকে পাওয়া যায়নি।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে আসা ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণকালে গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস তল্লাশি চালায়। বিমানের যাত্রী আসনের ওপরে হাত ব্যাগ রাখার কেবিনের মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় ব্যাগে ছিল এই সোনা। ওই কেবিনের ঠিক নিচের আসনে কোনো যাত্রী না থাকায় সোনাগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, সোনার বারের সংখ্যা ১৬টি। এগুলোর ওজন ১ কেজি ৮৬৪ গ্রাম। বর্তমান বাজারদর অনুযায়ী উদ্ধার করা সোনার দাম প্রায় ৭৫ লাখ টাকা।
এর আগে গত ১৭ নভেম্বর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর আসনের নিচ থেকে ফেলে রাখা অবস্থায় ৯ কেজি সোনা উদ্ধার করা হয়েছিল। ওই সোনার বাহকও পাওয়া যায়নি।