বিমানের চিফ পার্সার সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন কেবিন ক্রুকে যৌন নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চিফ পার্সার মো. নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বিমানের প্রশাসন শাখা থেকে জানা গেছে, বিভাগীয় তদন্তে যৌন নির্যাতনের প্রমাণ মেলায় নুরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। পরে গত বৃহস্পতিবার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে একই ঘটনায় একজন ফ্লাইট স্টুয়ার্ডের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। তবে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বিমানের কেউ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসন ও ফ্লাইট পরিচালন শাখার দুইজন পদস্থ কর্মকর্তা জানান, সদ্য যোগ দেওয়া বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেইল হেয়্যুড গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বিমানের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
অভিযোগ উঠেছে, গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডনে বিমানের ক্রুদের জন্য নির্ধারিত হোটেলের কক্ষে নবনিযুক্ত একজন কেবিন ক্রুকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেয়।