বিমানের টয়লেট থেকে ১০ কেজি সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের টয়লেট থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।
কাস্টম সূত্র বলেছে, সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-০৮৯) একটি উড়োজাহাজ হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টম কর্মকর্তারা উড়োজাহাজটিতে অভিযান চালান। প্রথমে কাস্টম কর্মকর্তারা একটি টয়লেট থেকে স্কচটেপ প্যাঁচানো দুই কেজি সোনার বার উদ্ধার করেন। এরপর তাঁরা উড়োজাহাজের ভিআইপি টয়লেটের ভেতর থেকে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় আট কেজি সোনার বার উদ্ধার করেন।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম রাতে প্রথম আলোকে বলেন, উদ্ধার করা সোনার দাম প্রায় পাঁচ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।