বিয়ানীবাজারে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজারে গত সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ আহত হন। এই সময় দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনের পক্ষের কর্মীরা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের পক্ষের কর্মী হিফজুরকে (২২) পেটান। এ ঘটনার জের ধরে রাত নয়টার দিকে বিয়ানীবাজার শহরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে শহরের দক্ষিণ বাজারে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় কাশেমের লোকজন জামালের পক্ষের দলীয় কার্যালয় এবং স্থানীয় লোকজনের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম আহত হন। পুলিশ তখন ফাঁকা গুলি ছুড়লে দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। ইটের আঘাতে ওসির মাথা ফেটে গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা জামাল হোসেন, আবুল কাশেম, অজিত, নজমুল, বাবুল, শামীম, কলিম ও মাসুদ রাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ওসিসহ দুই পুলিশ আহত হওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, পুলিশ কাঁদানে গ্যাসের নয়টি শেল ও রাবারের ১৯টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষ মামলা করতে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।
ছাত্রলীগ নেতা জামাল হোসেন বলেন, আবুল কাশেম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে দল থেকে বহিষ্কৃত হন। এর পরও একটি পক্ষ দলে তাঁকে সক্রিয় করার চেষ্টা করছে। ওই পক্ষের এ কাজে ছাত্রলীগের ত্যাগী নেতা-কর্মীরা বাধা দেওয়ায় সংঘর্ষ হয়েছে। তবে কাশেম দাবি করেন, নির্বাচন করলেও তিনি দলে আছেন। ছাত্রলীগে কোনো কমিটি নেই। তাঁর অনুগতদের দমাতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।