বিয়ে করতে এসে শ্রীঘরে
লালমনিরহাটের আদিতমারীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে গিয়েছিলেন ২৪ বছর বয়সী বর লাইজু মিয়া। কিন্তু বিয়ের বদলে কারাগারে যেতে হয়েছে তাঁকে। একই সঙ্গে বিয়ের আয়োজন করায় কনের নানাকেও জরিমানা করা হয়েছে।
গত বুধবার রাতে আদিতমারী উপজেলার বারঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বরকে কারাদণ্ড ও কনের নানাকে এক হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়েবাড়ি ফাঁকা হয়ে যায়।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিয়ের খবর পেয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। এ সময় বর এবং কনের বাবাসহ অন্যরা পালিয়ে যান। ওই ছাত্রী ইউএনওকে জানায়, তার অমতে বিয়ের আয়োজন করা হয়েছে। সে এখনই বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়।
বর লাইজু মিয়াকে গতকাল বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।