বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে কুপিয়েছে বখাটে
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে কুপিয়ে আহত করেছে সোহেল (২২) নামের এক বখাটে।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার অলিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই তরুণী এ বছর স্থানীয় একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই গ্রামের চান মিয়া কবিরাজের ছেলে সোহেল অনেক দিন থেকে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে সোহেল বিয়ে করার প্রস্তাব দিলে ওই তরুণী তা নাকচ করে দেন। এতে সোহেল ক্ষিপ্ত হয়ে তাঁকে অপহরণ করার হুমকি দেয়।
আজ সকালে ওই তরুণীর বাড়ির পুরুষ সদস্যরা ঈদের নামাজ পড়তে গেলে সোহেল বেশ কয়েকজনকে নিয়ে বাড়িতে ঢোকে এবং তরুণীকে অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় ওই তরুণী ও তাঁর মা বাধা দিলে তাঁদের মারধর করে সোহেল। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ওই তরুণীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ওই তরুণীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম শামীম প্রথম আলোকে জানান, মেয়েটি এখন আশঙ্কামুক্ত।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ঘটনাটি তাঁরা জানেন। সোহেলকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।