বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করতে না চাওয়ায় অর্চনা রানী দাস (২৩) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পরে যুবক রিপন চন্দ্র দাস (২৫) পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, অর্চনা রানী বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। আর রিপন চন্দ্র দাস পেশায় জেলে। সকালে অর্চনা বাড়িতে জানালার পাশে বসে সেলাইয়ের কাজ করছিলেন। এ সময় রিপন একটি ছোরা হাতে নিয়ে অর্চনাকে আঘাত করেন। এতে অর্চনা গুরুতর আহত হন। বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় অর্চনাকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বেলায়েত হোসেনের ভাষ্য, ঘটনার পর রিপন চন্দ্র দাস নিজেই পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁকে ছোরাসহ ধরে ফেলেন, পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলামের ভাষ্য, রিপন অর্চনাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বয়স কম হওয়ায় অর্চনা তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে অর্চনাকে ছুরিকাঘাত করে হত্যা করেন রিপন। রিপনকে আটক করা হয়েছে। তাঁর অবস্থাও ভালো নয়, তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে।