বিয়েতে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার । গতকাল রোববার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীর ছলিমপুরে এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের মা ও খালুকে আটক করেছে পুলিশ। থানার অভিযোগপত্র সূত্রে পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে ছাত্রীটি বাড়িতে মায়ের সঙ্গে বসে গল্প করছিল। এ সময় প্রতিবেশী আবদুর রহিম প্রামাণিকের ছেলে পাপ্পুসহ (১৮) পাঁচ–ছয়জন যুবক বাড়িতে ঢোকে। তারা ওই ছাত্রীকে জোর করে বাড়ির বাইরে রাখা একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

ছাত্রীর বাবার অভিযোগ, পাপ্পু তাঁর মেয়েকে বিয়ে করার জন্য কয়েক মাস ধরে উত্ত্যক্ত করছিল। গতকাল রোববার মেয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষ হয়।

গতকাল রাতেই মেয়ের বাবা ঈশ্বরদী থানায় পাপ্পুসহ সাতজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগপত্র দাখিল করেন। আজ সোমবার দুপুর পর্যন্ত পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি।

ঈশ্বরদী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলামের ভাষ্য, অভিযোগপত্র পাওয়া গেছে। ওই রাতে ভাড়ইমারী এলাকা থেকে পাপ্পুর মা পারুল বেগম ও তার খালু খালেক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে মেয়েটিকে উদ্ধারের পর মামলা নেওয়া হবে।