বিয়েবাড়ির পূজা অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার টাকারখাল গ্রামে একটি হিন্দুবাড়িতে বিয়ে অনুষ্ঠানের জন্য আয়োজিত বৃদ্ধি পূজার (নবদম্পতির সংসারের উন্নতির জন্য পূজা) মণ্ডপে হামলা এবং বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে বর ও বরের মা-বাবাসহ ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল শুক্রবার টাকারখাল গ্রামের চিত্তরঞ্জন হাওলাদারের ছেলে চঞ্চল হাওলাদারের বিয়ের দিন ধার্য রয়েছে। এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের রেওয়াজ অনুযায়ী বিয়ের আগের দিন বৃহস্পতিবার ছেলের বাড়িতে বৃদ্ধি পূজার আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে বাড়ির আঙিনায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী বেশ কয়েকজনকে নিমন্ত্রণ না করার অভিযোগ এনে ২০-২৫ জন যুবক হামলা চালায়। যুবকেরা পূজা মণ্ডপ ভাঙচুর করে। পরে চিত্তরঞ্জন হাওলাদারের ঘরে ঢুকে যুবকেরা ভাঙচুর চালায় এবং বিয়ের মালামাল ও স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে। এতে বাধা দিতে গিয়ে বর চঞ্চল হাওলাদার, তাঁর বাবা চিত্তরঞ্জন হাওলাদার ও মা সুনীতি হাওলাদার, কাকা শ্যামল হাওলাদার, কাকি রিনা রানী ও নমিতা রানী আহত হন। তাঁদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চিত্তরঞ্জন হাওলাদার অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা ও চরদুয়ানি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খোকন মুন্সির নেতৃত্বে বাদশা মুন্সি, মামুন মুন্সি ও এনায়েত মুন্সিসহ ২০ থেকে ২৫ জন এ হামলা চালান।
অভিযোগের ব্যাপারে জানতে খোকন মুন্সির মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ভাই বাদশা মুন্সি অভিযোগ অস্বীকার বলেন, ‘আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কেউ মামলা করেনি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মামলা করা হবে বলে জানিয়েছেন বিয়ে বাড়ির লোকজন।