বিয়ের অপেক্ষা না ফুরাতেই চলে গেল তুলিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের মানুষের সঙ্গে সংসার বাঁধার স্বপ্নে অপ্রাপ্ত বয়সেই ঘর ছেড়েছিল তুলিকা মণ্ডল (১৭)। ছেলের পরিবার বলেছিল, উপযুক্ত বয়স হলেই বিয়ে হবে। কিন্তু সেই বয়স হওয়ার আগেই পৃথিবী ছেড়ে যেত হলো তুলিকাকে। প্রেমিকের পরিবারের সদস্যদের প্ররোচনায় বিষপানে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনা খুলনার।
এ ছাড়া দেশের দুই স্থানে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে গতকাল রোববার আরও দুই নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় গলা কেটে হত্যা করা হয়েছে একজনকে। আর ঢাকার সাভারে এক নারীর মৃত্যু হয়েছে অ্যাসিডে পুড়ে।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, স্থানীয় কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
খুলনা: দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, খুলনার কয়রা থানার মহেশ্বরীপুর গ্রামের মৃত অরুণ মণ্ডলের মেয়ে তুলিকাকে গত শুক্রবার কীটনাশক পানের কথা বলে সেখানে ভর্তি করা হয়। ওই দিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে তুলিকার প্রেমিক রাজুর বাবা শনিবার বিকেলে মেয়েটিকে খুলনা নগরের নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করেন। ক্লিনিকটি সূত্রে জানা যায়, তথ্য গোপন করে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলে ভর্তি করেন মেয়েটিকে। পরে শনিবার দিবাগত রাত দেড়টায় মেয়েটি হাসপাতালে মারা যায়।
রাজুর পরিবার জানিয়েছে, তুলিকা বিষপানে আত্মহত্যা করেছে। তবে তুলিকার পরিবারের দাবি, তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
তুলিকার স্বজনেরা জানান, তার মৃত্যুর খবর পেয়ে গতকাল রোববার সকালে ওই ক্লিনিকে যান তাঁরা। সে সময় রাজুর পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝে নিতে চাইলে স্বজনেরা বিষয়টা মানবাধিকার বাস্তবায়ন সংস্থাকে জানান। পরে সংস্থার লোকজন হাসপাতালে এলে খুলনা সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
তুলিকার পরিবারের স্বজনদের ভাষ্য, গত ফেব্রুয়ারিতে দাকোপ থানার বাদামতলা গ্রামের দেবপ্রসাদ রায়ের ছেলে রাজু রায় ওরফে রাজীব বিয়ের কথা বলে মেয়েটিকে তাদের বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে তাঁরা রাজুর বাড়িতে গেলে তাঁর বাবা বলেন, বিয়ের উপযুক্ত হলে ছেলের সঙ্গে তুলিকাকে বিয়ে দেবেন। এর আগ পর্যন্ত সে তাঁদের কাছে মেয়ের মতো থাকবে।
তুলিকার মামা সুকুমার বর্মণ দাবি করেন, ‘ভাগনির ব্যাপারে বহুবার মীমাংসা করার চেষ্টা করেছি। তবে রাজুর পরিবার বিষয়টি না মেনে বিভিন্ন জনকে দিয়ে আমাকে হুমকি দিয়েছে। পরিবারের সম্মানের কথা ভেবে আমরা আইনি ব্যবস্থা নিইনি।’
অভিযোগ প্রসঙ্গে রাজুর মা শ্যামলী রায় বলেন, ‘আমার ছেলে তুলিকাকে নিয়ে এসেছিল। আমরা চেয়ারম্যানবাড়ির লোক। তাই চেয়েছিলাম, প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দেব। এখন বিয়ে দিলে আইনি ঝামেলা হতে পারে।’ কেন তথ্য গোপন করে মেয়েটিকে ক্লিনিকে ভর্তি করেছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলতে রাজি হননি।
আর এ ব্যাপারে রাজুর বাবার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করে কোনো কথা বলেননি।
চুয়াডাঙ্গায় গলা কেটে হত্যা: সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গত রোববার রাতে খুন হয়েছেন গৃহবধূ আলেয়া খাতুন (৪০)। তাঁর স্বামীর নাম রহম আলী (৫০)।
প্রতিবেশীরা জানান, রহম আলী ও আলেয়া খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। আলেয়ার বোনের ছেলে ইউনুস আলীর অভিযোগ, খালু রহম আলী পরকীয়ার মিথ্যা অভিযোগে গত তিন বছর ধরে তাঁর খালাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিসও হয়।
আলেয়া খাতুনের ছেলে সুরুজ মিয়া (১৮) বলেন, সাংসারিক অশান্তির জেরে তাঁর বাবা প্রায়ই মাকে খুনের হুমকি দিতেন। তবে খুনের ঘটনার আগে গত শনিবার রাতে তাঁর বাবাকে অনেকটাই স্বাভাবিক দেখা যায়। গৃহবধূর মেয়ে রহিমা খাতুন (১৬) জানায়, শনিবার রাতে সে তার ছোট বোন হালিমাকে (৯) নিয়ে ঘরে চৌকির ওপর এবং বাবা-মা মেঝেতে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে শব্দে তার ঘুম ভেঙে যায়। দেখা যায়, বাবা ধারালো অস্ত্র হাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, আর মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। এরপর তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম কামরুজ্জামান জানান, দাম্পত্য কলহের কারণেই খুনের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নারীর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
অ্যাসিড-সন্ত্রাসে মারা গেলেন মাজেদা: আশুলিয়ার বাইপাইলে অ্যাসিড-সন্ত্রাসের শিকার মাজেদা বেগম (২৮) গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আশুলিয়া থানা-পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাজেদা মাগুরা সদর উপজেলার কুল্লুয়া গ্রামের জলিল বিশ্বাসের মেয়ে। তিনি আশুলিয়ায় এক পোশাক কারখানায় চাকরি করতেন। আর তাঁর স্বামী সোহাগ সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। তাঁরা বাইপাইল এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে মাজেদার স্বামী সোহাগ গত ২৪ অক্টোবর রাতে তাঁকে অ্যাসিডে ঝলসে দিয়ে পালিয়ে যান। ওই দিন রাতেই মাজেদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গত ২৬ অক্টোবর মাজেদার ভগ্নিপতি আলিম শিকদার আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় সোহাগকে একমাত্র আসামি করা হয়। কিন্তু গতকাল পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। সোহাগকে গ্রেপ্তারের দাবিতে ২৮ অক্টোবর অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিল ও বন্ধুসভার আশুলিয়ার সদস্যরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, সোহাগকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।