বিয়ের আসর থেকে পালিয়ে গেল বর
নওগাঁর রানীনগরে ভ্রাম্যমাণ আদালতের ভয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছে বর। এতে করে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। গত শুক্রবার দুপুরে উপজেলার ভেটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘বাল্যবিবাহের খবর পেয়ে আগেই বরপক্ষকে মুঠোফোনে নিষেধ করেছিলাম। তারপরও তাঁরা বিয়ে সম্পন্ন করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তা সফল হতে পারেনি।’
গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার যাত্রাপুর গ্রামের আবদুল হামিদের ছেলে জেমস হোসেনের (১৭) সঙ্গে ভেটি গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক হয়। শুক্রবার দুপুরে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়। সেই মোতাবেক উভয় পক্ষ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের দাওয়াত করে। কদিন আগে থেকেই দাওয়াতি লোকজন আসতে থাকে।
ওই দিন সকাল থেকেই চলছিল নানা আয়োজন ও রান্নাবান্নার কাজ। দুপুরে কনেবাড়িতে বরযাত্রী উপস্থিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই গ্রামে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে দৌড়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় বর ও বরযাত্রীরা। এ সময় কনের বাড়ির লোকজনও পালিয়ে যায়।
শেষ পর্যন্ত ইউএনও ও নির্বাহী হাকিম কাউকে না পেয়ে স্থানীয় লোকজন ডেকে অল্প বয়সে মেয়েকে বিয়ে না দিতে অনুরোধ করে চলে আসেন।