বিয়ের কয়েক ঘণ্টা পরই আত্মহত্যা
নাটোরের বাগাতিপাড়ায় বিয়ের কয়েক ঘণ্টা পরেই কীটনাশক পান করে এক তরুণ আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই তরুণের নাম সুজন (২৮)। তিনি উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের স্নাতকের (পাস) ছাত্র ছিলেন।
এলাকাবাসী ও মৃত তরুণের পরিবার সূত্রে জানা যায়, সুজনের সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে ওই ছাত্রী গত বৃহস্পতিবার সুজনের বাড়িতে চলে আসে। ওই দিনই উভয় পরিবারের সমঝোতায় তাঁদের বিয়ে হয়। কিন্তু মেয়েটি সাবালিকা না হওয়া পর্যন্ত দুজনই আলাদাভাবে বসবাস করবেন বলে উভয় পরিবার ঠিক করে। পরে বেকার অবস্থায় বিয়ে করায় সুজনকে রাতে তিরস্কার করা হয়। এ ঘটনায় ক্ষোভে ও অভিমানে সুজন সবার অলক্ষ্যে কীটনাশক পান করেন। দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে তিনি মারা যান।
আত্মহত্যার চেষ্টা: সিংড়া উপজেলায় কীটনাশক পান করে গতকাল শনিবার চারজন আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার দুপুরে বাবার সঙ্গে অভিমান করে বিনগ্রামের এক তরুণী (২০) কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এদিকে স্বামীর ওপর অভিমান করে বেলোয়া গ্রামের এক গৃহবধূ (২৫) ঘরে রাখা ইঁদুর মারা ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অন্যদিকে বখাটেদের অত্যাচারে ওই দিন সকালে উপজেলার আরও একজন গৃহবধূ (৩০) ও ছেলের ওপর অভিমান করে হাটলাল গ্রামের নিতাইচন্দ্র (৫০) নামের এক আদিবাসী কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।