বিয়ের চার দিনের মাথায় দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার
বিয়ের মাত্র চার দিনের মাথায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকার একটি বাসা থেকে গতকাল রোববার তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন আসবাব তৈরি কারখানার কর্মী শাহীন ইসলাম (২০) ও তাঁর স্ত্রী রুবি আক্তার (১৮)।
স্বজনেরা মনে করছেন, অভিমান করে শাহীন-রুবি ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন। পৃথক ওড়নায় তাঁরা গলায় ফাঁস দিলেও সেমিপাকা টিনের চালের ফ্যানের সঙ্গে ওড়না দুটি ঝুলে ছিল।
শাহীনের বোন ও বোনের স্বামীর বরাত দিয়ে পুলিশ বলছে, দীর্ঘদিন শাহীন-রুবির মধ্যে প্রেম ছিল। তবে তা পরিবারের সদস্যরা মেনে নেননি। গত বুধবার রুবিকে নিয়ে শাহীন তাঁর (বোনের) বাড়িতে আসেন এবং তাঁরা বিয়ে করেছেন বলে জানান। বাধ্য হয়ে টিনশেড বাসার একটি কক্ষে শাহীন-রুবিকে আশ্রয় দেন তাঁর বোন। গতকাল সকাল সাড়ে ১০টার পর তাঁরা কক্ষ থেকে বের না হওয়ায় দরজা ধাক্কালেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে জানালায় উঁকি দিয়ে দুজনকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপর খবর দিলে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বাড্ডা থানার এসআই এস এম কামরুল ইসলাম জানান, কক্ষের দরজাটি ভেতর থেকে আটকানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই দম্পতি আত্মহত্যা করেছেন।