বিয়ের তিন মাসের মাথায় যৌতুকের বলি গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে বিয়ের তিন মাসের মাথায় শারমিন আক্তার (১৮) নামের এক গৃহবূধ যৌতুকের বলি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার চৌরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান বলেন, লাশ দেখে মনে হয়েছে, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত শারমিন আক্তারের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে শনিবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধারের সময় বাড়ির সবাই পলাতক ছিল। এ জন্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে চৌরবাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে মোস্তাক হোসেনের (২২) সঙ্গে একই গ্রামের শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক ও বিদেশ যাওয়ার জন্য মোস্তাক হোসেন ও তাঁর পরিবারের লোকজন শারমিনের পরিবারের কাছে দেড় লাখ টাকা দাবি করেন। তাঁদের এ দাবি পূরণ করতে ব্যর্থ হওয়ায় শারমিনের ওপর অমানুষিক নির্যাতন চালানো হতো। এরই একপর্যায়ে গ্রামবাসীর দেওয়া সংবাদ পেয়ে শনিবার সকালে আত্রাই থানা-পুলিশ শোয়ার ঘর থেকে শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। শারমিনের পরিবারের দাবি এটা আত্মহত্যা নয়, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
শিশুর মৃত্যু: এদিকে গতকাল রোববার রোববার দুপুরে নওগাঁ শহরের হাটনওগাঁ মহল্লায় বড়ই খাওয়ার সময় গলায় বিচি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, বদলগাছী উপজেলার বালুভরা গ্রামের হেলাল মণ্ডলের তিন বছরের একমাত্র সন্তান হিমেল গতকাল সকালে শহরের হাটনওগাঁ মহল্লায় তার নানাবাড়ি বেড়াতে আসে। সেখানে বড়ই খাওয়ার সময় বড়ইয়ের বিচি তার গলায় আটকে যায়। নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।