বিয়ের প্রলোভন দেখিয়ে লালমনিরহাট সরকারি শিশু পরিবারের কলেজপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী লালমনিরহাট সরকারি কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত।
ওই শিশু পরিবারের খালাম্মা ইসমোতারা পারভীন রেশমার ভাই আলহাজের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে আজ বুধবার লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে লালমনিরহাট সমাজসেবা কর্মকর্তা আবদুুল মোতালেব ওই ছাত্রীর একটি লিখিত জবানবন্দি নিয়ে আজ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বরাবর পাঠিয়েছেন।
লিখিত জবানবন্দিতে ওই ছাত্রী উল্লেখ করে, ২০১১ সাল থেকে আলহাজের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর থেকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আলহাজ একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সংসর্গে লিপ্ত হন। সর্বশেষ ৩১ আগস্ট আলহাজ চিঠি দিয়ে ইসমোতারা পারভীন রেশমার সরকারি শিশু নিবাসের কোয়ার্টারে ডেকে নিয়ে আগের মতো শারীরিক সংসর্গে লিপ্ত হন। এ সময় তাঁকে বিয়ের কথা বললে আলহাজ সবাইকে বুঝিয়ে পরে বিয়ে করবেন বলে তাকে জানান।
জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনছুর আলী জানান, তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা থানায় রেকর্ড করা হয়েছে। শিগগিরই অভিযোগ থাকা ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।