বিয়ের প্রলোভনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ!
বিয়ের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তিন মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
এ ব্যাপারে ওই ছাত্রীর মা গত রোববার দিদারুল আলম (২৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, দিদারুলের বাড়ি পটিয়ার দৌলতপুর গ্রামে। উপজেলার বড় উঠান ইউনিয়নের ফাজিল খাঁর হাটে তাঁর ‘দিদার ফেন্সি ও টেলিকম সেন্টার’ (স্টুডিওসহ) নামে একটি দোকান আছে। কেনাকাটা ও ছবি তোলার জন্য ওই ছাত্রী দিদারুলের দোকানে যেত। এই সুযোগে দিদারুল তাকে প্রেম নিবেদন করেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। গত ২ নভেম্বর ওই ছাত্রী দিদারুলের দোকানে যায়। সেদিন দিদারুল তাঁর এক বন্ধুর সহযোগিতায় ওই ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশাযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে একটি বাসায় রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন দিদারুল। গত ২ ফেব্রুয়ারি রাতে দিদারুল অন্তঃসত্ত্বা ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় তার বড় বোনের বাসার কাছে ফেলে চলে যান। পরে ওই ছাত্রীর বোন তাকে উদ্ধার করেন। ছাত্রীটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।
বড় উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল আলম বলেন, মেয়েটির পরিবার খুবই দরিদ্র। তিনি জানান, দিদারুল বিবাহিত ও তাঁর দুই ছেলে আছে।
পটিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়ত উল্লাহ চৌধুরী বলেন, দিদারুল ওই ছাত্রীকে নিয়ে চন্দনাইশের একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মতো থাকতেন। তিনি জানান, দিদারুল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।