বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পটুয়াখালীর বাউফল উপজেলায় এক তরুণীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। গত সোমবার ঈদের দিন সকালে উপজেলার সদর ইউনিয়নে মেয়েটির বাড়িতে এসে হামলা করা হয়।
ঘটনার পর থেকে ওই তরুণী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এলাকাবাসীর সহায়তায় পুলিশ বখাটে সোহেলকে (২২) গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন তরুণীর বাবা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস করেছেন। দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিল অলিপুরা গ্রামের সোহেল। একপর্যায়ে সোহেল বিয়ে করার প্রস্তাব দিলে ওই তরুণী প্রত্যাখ্যান করেন। এতে সোহেল ক্ষিপ্ত হয়ে তাঁকে অপহরণ করার হুমকি দেয়।
গত সোমবার সকালে ওই তরুণীর বাড়ির পুরুষ সদস্যরা ঈদুল আজহার নামাজ পড়তে গেলে সোহেল কয়েকজন সঙ্গী নিয়ে বাড়িতে ঢুকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় ওই তরুণী ও তাঁর মা বাধা দিলে তাঁদের মারধর করে সোহেল। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তরুণীকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। পরে তরুণীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেয়েটি এখন আশঙ্কামুক্ত। সুস্থ হতে বেশ কয়েক দিন লাগবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, প্রধান আসামি সোহেলকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।