বিরক্তিকর ফোন কলই বেশি

জানুয়ারি মাস। রাত তখন একটা। কক্সবাজারের পটিয়ায় এসেই জেনারেটরবাহী পিকআপটি গর্তে পড়ে আটকে যায়। নিরুপায় জসিমউদ্দিন এলাকার দু-একজনকে ডেকে এনেও কিছু করতে পারেননি। ফেসবুকে দেখা ৯৯৯-এর কথা মনে হয়। ফোন করেন। হাইওয়ে পুলিশ এসে উদ্ধার করে পিকআপটি।
জসিমউদ্দিন জেনারেটরের ব্যবসা করেন। গত জানুয়ারিতে অনুষ্ঠান শেষ করে ঢাকায় ফিরছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘ওই মুহূর্তে আমার কিছুই করার ছিল না। কিছু চিনি না, জানি না। জরুরি সহায়তার জন্য ফোন করার ওই নম্বরের কথা মনে পড়ে। তাঁরা অনেক সহযোগিতা করেছেন।’ তিনি এই সেবাকে আরও বেশি করে বিস্তৃত করার জন্য বলেন।
টিকাটুলীতে গ্যাসের লাইন লিক হয়ে যাওয়ায় ৯৯৯-এ ফোন করে তিতাসের সহায়তা পেয়েছিলেন সাদিউর রহমান। তিনি বলেন, ‘ভালো একটি সার্ভিস। ফোন করার ১০-১৫ মিনিটের মাথায় তিতাসের লোক এসে ঠিক করে দেয়।’
পরীক্ষামূলকভাবে চালু হওয়া ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ গত ছয় মাসে সাড়া পেতে শুরু করেছে। তবে এখনো জরুরির চেয়ে অপ্রয়োজনীয় ফোন কলের সংখ্যা বেশি। আসছে জুনে মেয়াদ শেষ হলেও একে স্থায়ী প্রকল্প করার চিন্তা করছে সরকার।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গত বছরের অক্টোবরে জরুরি নাগরিক সেবা দিতে ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ চালু করে। পরে এর নাম হয় ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯। টোল ফ্রি এই সার্ভিস থেকে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়। এ ছাড়া গ্রাহকেরা প্রয়োজনীয় তথ্যও পেতে পারেন। পরীক্ষামূলকভাবে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের সেবাও এর সঙ্গে যুক্ত করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে জানা যায়, মার্চ মাস পর্যন্ত এই নম্বরে মোট ফোন এসেছে সোয়া ২১ লাখ। যার মধ্যে প্রয়োজনীয় ফোন ছিল সোয়া আট লাখের মতো। বাকিগুলো কৌতূহল, ঠাট্টা করে বা একই প্রয়োজনে একাধিক ফোন। যাকে ‘বিরক্তিকর গ্রাহক’ বলা হচ্ছে। গড়ে প্রতিদিন ফোন আসে প্রায় ১৫ হাজার। বিভিন্ন প্রয়োজনে নারীদের ফোন করার পরিমাণ সাড়ে ১৬ শতাংশ।
এখানে ৪৮ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক ফোন আসে ঢাকা থেকে। এরপরে চট্টগ্রাম ও নীলফামারী জেলা থেকে বেশি ফোন এসেছে। পুলিশি সেবার জন্য ১৬ হাজারটি, অ্যাম্বুলেন্সের জন্য সাড়ে ১২ হাজার ও ফায়ার সার্ভিসের জন্য ৯ হাজারটি কলের সমাধান এখান থেকে দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি ফোন এসেছে তথ্য জানতে চেয়ে, গ্যাস-বিদ্যুৎ-পানির সমস্যাসহ নানা ক্ষেত্র থেকে। এসব ফোনের ক্ষেত্রে গ্রাহকদের সেবা পাওয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক প্রথম আলোকে বলেন, ‘মানুষ যেন তিন ধরনের (পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স) সেবা ২৪ ঘণ্টা পায়, সে জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘প্রাঙ্ক কল’ বা বিরক্তিকর কল যেন কমে আসে, সে জন্য জরিমানার বিষয় নিয়ে ভাবা হচ্ছে। বাইরের দেশের মডেল নিয়েও কাজ করা হচ্ছে। জুনে এই কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হবে। অনলাইনে সরকারি সুবিধাগুলো যেন পাওয়া যায়, সে জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আর তৃতীয় ধাপের কাজ হবে এ বছরের শেষ বা আগামী বছরের শুরুর দিকে। এক হাজার আসনবিশিষ্ট কলসেন্টার তৈরি করা হবে এবং যশোরসহ ঢাকার বাইরে আরও কলসেন্টার বসানো হবে।
গাজীপুরের কালিয়াকৈর থেকে ২৪ ঘণ্টার এই ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস সেবা দেওয়া হয়। প্রতিদিন এক শ জন এখানে তিন শিফটে পালা করে কাজ করেন। জরুরি এই তিন সেবা বাদেও অন্যান্য সেবার বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করা হয়।
ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের প্রোগ্রাম পরিচালক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এটা প্রকল্প নয়, কর্মসূচি। বড় পরিসরে এই কাজ করতে গেলে প্রচুর অর্থ দরকার। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’ তিনি বললেন, মানুষকে সচেতন করতে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।
এ সেবার একটি মোবাইল অ্যাপ আছে। এ ছাড়া www.nhd.gov.bd সাইটে গিয়ে জরুরি সেবাসহ সরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া যাবে। সুযোগ আছে ওয়েবসাইটে লাইভ চ্যাট করার। এ ছাড়া পাসপোর্ট, কৃষি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন-সংক্রান্ত বিভিন্ন তথ্যও দেওয়া আছে।