বিরল প্রজাতির ১১৮টি কচ্ছপসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকায় আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বিরল প্রজাতির ১১৮টি কচ্ছপ ও ৩০০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)। জাহাঙ্গীর হোসেন (২২) নামের ওই যুবকের বাড়ি যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে।

র‍্যাব-৬ এর কার্যালয় সূত্রে জানা গেছে, একটি নছিমন ভ্যান যশোর থেকে ঝিনাইদহের দিকে যাওয়ার পথে চড়ামনকাটি এলাকায় র‍্যাব সদস্যরা থামানোর নির্দেশ দেয়। এর আগেই র‍্যাব সদস্যদের দেখে নছিমনের চালক পালিয়ে যান। ওই নছিমনে তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তার ভেতর থেকে ১১৮টি কচ্ছপ ও দুটি বস্তার ভেতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করেন র‍্যাব সদস্যরা। তবে নছিমনের পেছনে মোটরসাইকেলে থাকা জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।

র‍্যাব-৬ এর যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মেহেদি প্রথম আলোকে বলেন, চোরাই পথে ভারত থেকে ওই কচ্ছপ ও ফেনসিডিল এনে ঝিনাইদহে নেওয়া হচ্ছিল। আটক জাহাঙ্গীরসহ কয়েকজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর খুলনা কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।