বিরলে শতাধিক শালগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর বন বিটের বামনগাঁও এলাকার শতাধিক শালগাছ গত শনিবার রাতে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে দিনাজপুর বন বিভাগ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল।

দিনাজপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর বন বিটের বামনগাঁও মৌজার গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল গভীর রাতেই প্রহরীদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় দুর্বৃত্তরা বন বিভাগের লোকজনের ওপর হামলা করলে সংখ্যায় কম হওয়ায় তাঁরা পিছু হটতে বাধ্য হন। খবর পেয়ে বিরল থানার পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থলে আসেন। পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা কেটে ফেলা কিছু গাছ ফেলে পালিয়ে যায়। এ সময় বনকর্মীরা কেটে ফেলা ১৮টি শালগাছ উদ্ধার করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, বন বিভাগ থেকে একটি লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

গয়া প্রসাদ পাল বলেন, ইউপি চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকারের সহায়তায় দুর্বৃত্তদের নাম-ঠিকানা সংগ্রহ করার কাজ চলছে। আজ মঙ্গলবার দিনাজপুর বন বিভাগের উদ্যোগে আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।