বিরলে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ
দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গত বৃহস্পতিবার সোহেল রানা (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রী লিপি বেগমকে (২৩) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার লিপির বাবা আবদুল ওহাব বাদী হয়ে সোহেলকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
ওহাব বলেন, তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া গ্রামে। দুই বছর আগে তাঁর মেয়ে লিপির সঙ্গে রঘুনাথপুর গ্রামের সোহেলের বিয়ে হয়। বিয়ের সময় মেয়েকে স্বর্ণালংকার ও জামাতাকে নগদ অর্থ দেওয়া হয়। কিন্তু বিয়ের ছয় মাস যেতে না যেতে জামাতা মেয়েকে তাঁর (ওহাব) কাছ থেকে আরও এক লাখ টাকা আনতে বলেন। মেয়ে জামাতার দাবির কথা জানালেও সামর্থ্য না থাকায় ওই টাকা দেওয়া সম্ভব হয়নি। টাকা না দেওয়ায় জামাতা মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তিন মাস আগে পারিবারিকভাবে আপস-মীমাংসাও হয়।
ওহাব আরও বলেন, ‘সর্বশেষ গত বৃহস্পতিবার সোহেল পুনরায় টাকার জন্য আমার মেয়েকে চাপ দেন। মেয়ে সে কথা মুঠোফোনে আমাদের জানায়। মেয়ে টাকা আনতে পারবে না বলে স্বামীকে সাফ জানিয়ে দিলে জামাতা ক্ষিপ্ত হয়ে মেয়েকে প্রচণ্ড শারীরিক নির্যাতন করে তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ঘরের ছাদে টিনশেডে লোহার অ্যাংগেলে ওড়না পেঁচিয়ে মেয়ের লাশ ঝুলিয়ে রাখেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই ঘটনা ঘটে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লিপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।নিহতের স্বামী, শ্বশুরসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। সোহেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিরল থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ কবির বলেন, লিপিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে সন্দেহ নেই। সুরতহাল প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও নিশ্চিত হওয়া যাবে।