বিরলে স্ত্রীর ভাইয়ের রডের আঘাতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের ধামইর চৌধুরীপাড়া গ্রামে গতকাল বুধবার মনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর বড় ভাই শফিকুল ইসলামের লোহার রডের আঘাতে খুন হয়েছেন। শফিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মনোয়ারের ভাই রিয়াজুল ইসলাম বলেন, শফিকুলের বাড়ি একই উপজেলার ফরক্কাবাদ গ্রামে। তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। রংপুরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য শফিকুলকে মনোয়ার গত মঙ্গলবার রাতে তাঁদের বাড়িতে নিয়ে আসেন। খাওয়া শেষে রাতে দুজন একই ঘরে ঘুমান। গতকাল ভোরে মনোয়ার ফজরের নামাজ পড়ে পুনরায় ঘুমিয়ে পড়েন। তাঁর স্ত্রী মাহফুজা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় স্বামীর চিৎকার শুনে মাহফুজা ঘরে গিয়ে দেখেন মনোয়ারের ডান কান দিয়ে রক্ত ঝরছে। তাঁর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে দেখেন মনোয়ার মারা গেছেন। পরে আশপাশের লোকজন শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বিরল থানার ওসি আবদুল মজিদ বলেন, এ ঘটনায় রিয়াজুল মামলা করেছেন।