বিরামপুর পৌর মেয়রের 'নিয়োগ-বাণিজ্য'
দিনাজপুরের বিরামপুর পৌরসভার ১০টি পদে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এনেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ ও বাধার মুখে কর্তৃপক্ষ গত শুক্রবার নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছে।
বিরামপুর পৌর কার্যালয় সূত্র জানায়, সার্ভেয়ার, বিল ক্লার্ক, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী, টিকাদানকারী (পুরুষ ও মহিলা), ট্রাকচালক, লাইনম্যান, হেলথ ভিজিটর এবং এমএলএসএস পদে নিয়োগের জন্য বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে সকাল ১০টায় লিখিত পরীক্ষা হওয়ার কথা। এ জন্য ওই সব পদে আবেদনকারী প্রার্থীদের পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী সকাল থেকেই বিদ্যালয়ের সামনে ভিড় করতে থাকেন। নিয়োগ-বাণিজ্য আর অনিয়মের অভিযোগ এনে তাঁরা যেকোনো মূল্যে পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে সকাল ১০টা ১৮ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান আল মাসউদ পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার রহমান অভিযোগ করেন, এসব বিভিন্ন পদে মেয়র তাঁর নিজের লোক ঠিক করে রেখেছেন। আর পদ অনুযায়ী মেয়র প্রার্থীদের কাছ থেকে সাত থেকে ১৫ লাখ করে টাকা নিয়েছেন।
নিয়োগপ্রার্থী নিম্নমান সহকারী পদের সোহেল রানা, টিকাদান পদের জাফর ইকবাল, বিলক্লার্ক পদের পলাশ হোসেন অভিযোগ করে বলেন, মেয়র তাঁর নিজের পছন্দের প্রার্থীকে গত বৃহস্পতিবার নিয়োগের প্রশ্নপত্র সরবরাহ করেছেন।
উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর জামাইয়ের নিয়োগের তদবিরের জন্য মেয়রের কাছে গিয়েছিলেন। মেয়র তাঁকে জানিয়েছেন যে ১০ প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে নিয়োগের জন্য কথা দেওয়া হয়েছে। এবার এদের বাদ দিয়ে অন্য কাউকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। সাবেক পৌর মেয়র আক্কাস আলী অভিযোগ করেন, বর্তমান পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আজাদুল ইসলাম ক্ষমতায় আসার পর অবৈধভাবে প্রায় ১৩৩ জন কর্মচারীকে মাস্টাররোলে নিয়োগ দেন। এ ছাড়া অপ্রয়োজনীয়ভাবে প্রায় ৫৪ জন শ্রমিককে নিয়োগ দেন। যাঁদের কোনো কাজ ছাড়াই বেতন দেওয়া হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে মেয়র আজাদুল ইসলাম বলেন, আগে গত বছর জুলাই ও চলতি বছর ফেব্রুয়ারিতে নিয়োগ-বাণিজ্যের অভিযোগে মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে তদন্ত হয়েছে। তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি।